
ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারী রোগীকে ধর্ষণের পৈশাচিক অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল, ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে আরিফ নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। জানা গেছে, আটক ব্যক্তি ভোলার একটি বেসরকারি ক্লিনিকের প্রতিনিধি বা দালাল হিসেবে কাজ করতেন।
ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি তাঁকে ওষুধ দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে নিয়ে যান এবং সেখানে তাঁকে ধর্ষণ করেন। ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে হাতে-নাতে ধরে ফেলেন। ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. তৈয়বুর রহমান এবং ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।