
পাবনার ঈশ্বরদীতে মহাসড়কের পাশে গাছ কেটে সড়কে ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা; শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মানিকনগর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে মহাসড়কের পাশের একটি গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখায় কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছটি সরিয়ে ফেলেন এবং এর পরপরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা গাছ কেটে সড়কে ফেলে রাখায় অল্প সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল, তবে খবর পাওয়ার পরপরই সড়ক থেকে গাছ সরিয়ে চলাচল স্বাভাবিক করা হয়েছে।