
রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে; শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় গভীর রাতে আঘাত হানা এ ভূমিকম্পে ঘুম ভেঙে যাওয়ায় তুষারঝড় উপেক্ষা করে নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই নিজেদের অ্যাপার্টমেন্ট ও ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের ভূ-পদার্থবিদ্যা বিভাগের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার আঞ্চলিক শাখা সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক সময় (জিএমটি) অনুযায়ী শনিবার বেলা ১টা ১৫ মিনিটের দিকে কামচাটকা অঞ্চলের রাজধানী পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৭২ কিলোমিটার (৪৪ মাইল) দূরে স্থলভাগে ভূপৃষ্ঠের ১৮৯ দশমিক ১ কিলোমিটার গভীরে কম্পনটি সৃষ্টি হয়।
সংস্থাটি আরও জানিয়েছে, আঞ্চলিক রাজধানী পেত্রোপাভলভস্ক-কামচাটস্কিতে এ কম্পনের তীব্রতা ছিল ৩ মাত্রা। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, গভীর রাতের হঠাৎ কম্পনে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।