
বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি ও ইলুহার ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাস্টার আব্দুস সালাম (৬৩) এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ; শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামে তাঁদের নিজ নিজ বাড়িতে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাহাতাব উদ্দিন ইলুহার ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে আগে করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার দেখানো হয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে; বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।