
ভারতে স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিজে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের প্রধানমন্ত্রী জানান, গত মে মাসে দেশবাসীর প্রতি এক বছরের জন্য স্বর্ণ কেনা থেকে বিরত থাকার এবং একান্ত প্রয়োজন না হলে স্বর্ণ না কেনার অনুরোধ করেছিলেন তিনি। নিজের এই আহ্বানের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একটি উদ্যোগের তুলনা করে মোদি বলেন, ১৯৬৫ সালে খাদ্যসংকটের সময় শাস্ত্রী দেশবাসীকে একবেলা খাবার বাদ দেওয়ার আহ্বান জানালে মানুষ যেমন সাড়া দিয়েছিল, এখনো ভারতীয়দের মধ্যে সেই মানসিকতা রয়েছে।
ভারতের গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ৯ মে দিল্লিতে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি, যা কমে বর্তমানে ১২ হাজার ৫২৩ রুপিতে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হলে মে মাসে স্বর্ণ না কেনার আহ্বান জানান মোদি। জ্বালানি সাশ্রয়, বাড়ি থেকে কাজের ব্যবস্থা চালু ও বিদেশ ভ্রমণ কমানোর মতো তাঁর সাত দফা পরামর্শের পাশাপাশি সেপ্টেম্বরে আবারও প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বান জানান তিনি এবং সেটিরই কৃতিত্ব নিলেন ভারতের প্রধানমন্ত্রী।