
বগুড়ার কাহালুতে গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা ব্যাংকের সাইনবোর্ডসহ মূল ফটককে লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। মুহূর্তেই সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়, তবে বিস্ফোরণের পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় সেখানে আগুন ধরে গেলে ব্যাংকের দায়িত্বরত নাইট গার্ড তাৎক্ষণিকভাবে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন, ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কাহালু থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয় এবং তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্ফোরিত পেট্রোল বোমার কিছু আলামত উদ্ধার করা হয়েছে উল্লেখ করে ওসি জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।