
ইরাকের একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটির আগুন আশপাশের কয়েকটি বাড়িতেও ছড়িয়ে পড়ে এবং পরে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট হলেও দুর্ঘটনার আগে এটি প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছিল বলে জানানো হয়েছে।
এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত দুর্বলতা, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব ও বিনিয়োগ সংকটে ইরাকের বিদ্যুৎ খাত নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে এবং বিশেষ করে গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে সরবরাহ পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।