
আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলোর গণনার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই সিয়াম সাধনার মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
হিজরি বর্ষপঞ্জি চাঁদের গতিপথ বা চান্দ্র মাসের হিসাবে পরিচালিত হয়। সৌরভিত্তিক ইংরেজি বর্ষপঞ্জির তুলনায় চান্দ্রবর্ষ প্রায় ১০ থেকে ১১ দিন ছোট হওয়ায় প্রতিবছর পবিত্র রমজান মাস ১০ থেকে ১২ দিন করে এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের রমজান ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে।
জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় রমজান মাসের নতুন চাঁদ দেখা গেলে সে রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে এবং পরদিন ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হবে প্রথম রোজা। তবে চাঁদ দেখা না গেলে শুরুর তারিখে পরিবর্তন আসবে।
সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। রমজান শেষে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে নির্ধারিত হয় পবিত্র ঈদুল ফিতরের দিন। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।
ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান বিশ্বজুড়ে মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও বরকতময়। এই পবিত্র মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল হওয়া শুরু হয়েছিল। পুরো রমজান মাসজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার ও ধূমপান থেকে বিরত থেকে রোজা পালন করেন এবং নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন