
অসুস্থ না হলে বা উপসর্গ তীব্র আকার ধারণ না করলে অনেকেই চিকিৎসকের কাছে যেতে চান না। অনেক পুরুষের ক্ষেত্রে ‘সুস্থ ও শক্তিশালী’ দেখানোর মানসিক চাপ স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর পথে বাধা হয়ে দাঁড়ায়—বিশেষ করে যখন শরীরের অবস্থা আপাতদৃষ্টিতে স্বাভাবিক মনে হয়। আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ সাতটি স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে পরামর্শ দিয়েছেন ভারতের অ্যান্ড্রোলজিস্ট এবং ইনস্টিটিউট অব অ্যান্ড্রোলজি অ্যান্ড সেক্সুয়াল হেলথ (আইএএসএইচ)-এর প্রতিষ্ঠাতা ডা. চিরাগ ভাণ্ডারি।
ডা. ভাণ্ডারি জানান, একজন পুরুষের জন্য কোন পরীক্ষা জরুরি, তা নির্ভর করে বয়স, জীবনযাপন, পারিবারিক ইতিহাস ও বিদ্যমান উপসর্গের ওপর। কম বয়সে সবসময় বিস্তৃত পরীক্ষার প্রয়োজন না হলেও অস্বাস্থ্যকর খাবার, ওজন বৃদ্ধি, ধূমপান, ব্যায়ামের অভাব ও অপর্যাপ্ত ঘুমের কারণে বিশের কোঠার শেষ দিকেই স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
পুরুষদের জন্য বিবেচ্য ৭ স্বাস্থ্য পরীক্ষা:
১. রক্তচাপ পর্যবেক্ষণ: অতিরিক্ত লবণ, ধূমপান, ওজন বৃদ্ধি ও পরিশ্রমের অভাবে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। নীরবে ক্ষতি করার পাশাপাশি এটি হৃদ্যন্ত্র, কিডনি, রক্তনালি ও যৌন স্বাস্থ্যে (ইরেকটাইল ডিসফাংশন) প্রভাব ফেলতে পারে; রিডিং বেশি এলে পুনরায় যাচাই করে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত।
২. রক্তে শর্করার পরীক্ষা: পারিবারিক ইতিহাস, অতিরিক্ত ওজন বা অলস জীবনযাপন থাকলে ফাস্টিং ব্লাড সুগার, খাবার পরের শর্করা এবং গত তিন মাসের গড় চিত্র দেওয়া এইচবিএওয়ানসি (HbA1c) পরীক্ষা ডায়াবেটিস শনাক্তে সহায়ক।
৩. কোলেস্টেরল ও লিপিড প্রোফাইল: খাদ্যাভ্যাস ও ব্যায়ামের অভাবে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড বেড়ে ধমনীতে প্লাক জমতে পারে, যা রক্ত সঞ্চালন ও যৌন স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।
৪. মুখের স্বাস্থ্য পরীক্ষা: ধূমপান বা গুটকাসহ তামাকজাত পণ্য ব্যবহারকারীদের নিয়মিত দাঁত ও মুখ পরীক্ষা করা জরুরি, যাতে মুখের ঘা বা অস্বাভাবিক ছোপ দ্রুত শনাক্ত করে মুখের ক্যানসারের ঝুঁকি মোকাবিলা করা যায়।
৫. কিডনি ও লিভারের কার্যকারিতা পরীক্ষা: বাইরে থেকে বোঝা না গেলেও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা বিপাকীয় ঝুঁকি থাকলে কিডনি ও লিভারের কার্যকারিতা পরীক্ষা অঙ্গের ক্ষতির প্রাথমিক লক্ষণ বুঝতে সাহায্য করে।
৬. হরমোন প্রোফাইল: শক্তি বা যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া, উর্বরতা সংক্রান্ত উদ্বেগ কিংবা কারণ ছাড়া মেজাজের পরিবর্তনের ক্ষেত্রে উপসর্গ অনুযায়ী টেস্টোস্টেরন, এসএইচবিজি (SHBG), প্রোল্যাকটিন, এস্ট্রাডিওল ও থাইরয়েড প্রোফাইল পরীক্ষা করানো যেতে পারে।
৭. প্রোস্টেট স্বাস্থ্য পরীক্ষা: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বয়স, পারিবারিক ইতিহাস ও ঝুঁকি বিবেচনায় পিএসএ (PSA) ও ডিজিটাল রেকটাল পরীক্ষার মাধ্যমে প্রোস্টেট ক্যানসারসহ প্রোস্টেট-সম্পর্কিত সমস্যা মূল্যায়ন করা সহজ হয়।
সবশেষে ডা. ভাণ্ডারি জোর দেন যে স্বাস্থ্য পরীক্ষা ব্যক্তিভেদে ভিন্ন হওয়া উচিত এবং নিজের বয়স, জীবনযাপন ও পারিবারিক ইতিহাস অনুযায়ী চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সঠিক পরীক্ষাগুলো বেছে নেওয়াই আগেভাগে ঝুঁকি এড়ানোর কার্যকর উপায়