
নাটোরের গুরুদাসপুর উপজেলায় মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাড়ির সামনের দুটি দোকানঘর আগুনে পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বিয়াঘাট এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে বিয়াঘাট এলাকায় নাসিমা হকের বাড়িতে আগুন দেওয়া হলে সামনের দুটি দোকানঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে অভিযোগ করে নাসিমা হক বলেন, ভোর সাড়ে ৪টার দিকে তাঁর দুটি দোকানঘরে আগুন দেওয়া হয়েছে; দুর্বৃত্তরা বাড়িতেও হামলা চালাতে পারত, তবে আল্লাহর রহমতে তাঁরা রক্ষা পেয়েছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুড়ে যাওয়া দোকানঘর দুটিতে লাকড়ি রাখা ছিল, সেগুলো পুড়ে গেছে। কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় তদন্ত ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।