
পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত তোমাজ মেনসিন। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা।
সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ স্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া অভিবাসন ও গতিশীলতা সংক্রান্ত সহযোগিতা জোরদার, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং নিয়মিতভাবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের বিষয়ে একমত ও আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ।
উল্লেখ্য, নয়াদিল্লিতে অবস্থানরত স্লোভেনিয়ার এই অনাবাসিক রাষ্ট্রদূত গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর পরিচয়পত্র পেশ করেন। এর পরদিনই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের সঙ্গে এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলো