
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহনের সারি দীর্ঘ হতে থাকলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, কর্মস্থলগামী মানুষ ও পরিবহন চালকেরা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে চট্টগ্রামগামী লেনে যাওয়ার সময় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারালে গাছবোঝাই ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ট্রাকে থাকা ভারী গাছের গুঁড়িগুলো সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে পড়লে যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়। ফলে ওই অংশে যানবাহনের ধীরগতির কারণে একপর্যায়ে মহাসড়কের প্রায় ৮ কিলোমিটার অংশ জুড়ে দীর্ঘ যানজট লেগে যায়।
সকাল থেকেই এই রুটে চলাচলকারী অফিসগামী মানুষ ও দূরপাল্লার যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সালাম মিয়া নামের এক ভুক্তভোগী যাত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, তিনি মেঘনা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে একই জায়গায় আটকে ছিলেন। দীর্ঘ সময় পার হলেও যানজট ছাড়ার কোনো লক্ষণ না দেখে তিনি বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে পুনরায় বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ঘটনাস্থলে দায়িত্বরত কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফজলে রাব্বি জানান, একদম ভোরবেলায় দুর্ঘটনাটি ঘটায় সড়ক থেকে ভারী গাছের গুঁড়িগুলো সরানোর জন্য তাৎক্ষণিকভাবে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায়নি, যার কারণে যানজটটি দীর্ঘায়িত হয়েছে। তবে এরই মধ্যে শ্রমিকদের কাজে লাগানো হয়েছে এবং রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে নিয়ে মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করার জোর প্রচেষ্টা চলছে।