
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ভূখণ্ডের কিছু অংশ দখল করে রেখেছে এবং মার্কিন গণমাধ্যম যুদ্ধকালীন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতি নিয়ে কোনো সংবাদ প্রকাশ করছে না বলে দাবি করেছেন মার্কিন রক্ষণশীল পডকাস্টার টাকার কার্লসন। বুধবার (১৭ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার প্রকাশিত একটি পডকাস্টে মার্কিন ভূ-রাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েইচার্টের সাক্ষাৎকার নেওয়ার সময় কার্লসন দাবি করেন, ‘হুথিরা এখন সৌদি রাজতন্ত্রের জন্য সত্যিকার অর্থে হুমকি হয়ে দাঁড়িয়েছে।’ তিনি বলেন, ‘তারা এই মুহূর্তে সৌদির একটি অংশ দখল করে আছে... আমি জানি না এটি আমেরিকান মিডিয়ায় প্রচারিত হচ্ছে কি না, তবে এটি একটি সত্য ঘটনা। এটি অনেক বড় একটি বিষয়।’ তিনি আরও যোগ করেন, ‘এই মুহূর্তে কি সৌদি মাটিতে হুথি বাহিনী আছে? হ্যাঁ, আছে।’
সৌদি ভূখণ্ড ‘দখলের’ এই তথ্য তিনি কোথা থেকে সংগ্রহ করেছেন, সে বিষয়ে কার্লসন সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ করেননি। তবে তিনি প্রায়ই আরব উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন। এর আগে গত অক্টোবরে ‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’ জানিয়েছিল যে কার্লসন ভূমধ্যসাগরে একটি প্রমোদতরীতে কয়েকজন আরব উপসাগরীয় রাজপরিবারের সদস্যের সঙ্গে দেখা করেছিলেন এবং পডকাস্টে তিনি দাবি করেন যে উপসাগরীয় নেতাদের সঙ্গে সম্প্রতি তাঁর কথা হয়েছে। এছাড়া মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থার তীব্র সমালোচনা করলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি বন্ধু মনে করেন এবং ইরান ও ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেও সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানান।
এর আগে গত ২ নভেম্বর পশ্চিমা ও আরব কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মিডল ইস্ট আইয়ের একটি বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছিল যে হুথিরা সৌদি আরবে অভিযান চালাচ্ছে। সূত্রগুলো সে সময় জানিয়েছিল যে অক্টোবরে এই হামলা চালানো হলেও হুথিরা তখনো সৌদি ভূখণ্ড দখলে রেখেছে কি না, সে বিষয়ে তারা নিশ্চিত ছিল না।
উল্লেখ্য, ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের দুর্গম পাহাড় ও বিশাল মরুভূমি মিশ্রিত সীমান্তে সাংবাদিকদের প্রবেশ কার্যত নিষিদ্ধ। সেখানে গত দফার যুদ্ধের পর পুরো গ্রাম জনশূন্য হয়ে পড়েছিল। বর্তমানে সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুথিদের লড়াই প্রধানত ইয়েমেনের ভেতরেই কেন্দ্রীভূত রয়েছে এবং হুথিরা সরকারের অস্থায়ী রাজধানী বন্দরনগরী এডেনের দিকে অগ্রসর হচ্ছে। তবে ১৯৩৪ সালের তাইফ চুক্তির মাধ্যমে ইয়েমেন যে তিনটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ—আসির, জাজান এবং নাজরান সৌদি আরবকে ছেড়ে দিয়েছিল, হুথিরা দীর্ঘদিন ধরে সেগুলোর ওপর নিজেদের প্রকাশ্য দাবি জানিয়ে আসছে।
ইয়েমেনের সাদা প্রদেশ থেকে উদ্ভূত এবং প্রতিষ্ঠাতা হুসেইন বদরুদ্দিন আল-হুথির নামে নামকরণ করা শিয়া ইসলামের জায়েদি মতাবলম্বী এই গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতৃত্ব নিজেদের হাশেমি বংশধর বলে দাবি করে। কার্লসন মনে করেন, সৌদি আরবকে দুর্বল দেখতে চায় এমন ইরান ছাড়াও অন্য সমর্থকরাও হুথিদের এই যুদ্ধে সহায়তা করে যাচ্ছে। তিনি বলেন, ‘আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে হুথিদের কে নিয়ন্ত্রণ করছে। আমি মনে করি হুথিদের ওপর ইরানের বিশাল প্রভাব রয়েছে, তবে এর পেছনে কি কেবল এই একটি শক্তিই রয়েছে?’ নির্দিষ্ট কারো নাম উল্লেখ না করলেও গত অক্টোবরে ড্রপসাইট নিউজ জানিয়েছিল যে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত ইয়েমেনি গোষ্ঠীগুলো লক্ষ্যবস্তু নির্ধারণের ক্ষেত্রে হুথিদের গোপনে সহায়তা করছে।