
তেহরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা দীর্ঘদিন ধরে দুই হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকার বিষয়টি কোনো কারিগরি বা প্রকৌশলগত দুর্বলতার ফল ছিল না, বরং এটি ছিল দেশটির নিজস্ব কৌশলগত সিদ্ধান্ত ও প্রতিরক্ষা নীতির অংশ। তবে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা ও বহুমুখী হুমকির প্রেক্ষাপটে সম্প্রতি ইরানি সামরিক কর্মকর্তাদের ঘোষণার পর নতুন করে প্রশ্ন উঠেছে—তেহরান কি এবার এই নির্ধারিত সীমা অতিক্রম করে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে হাঁটছে?
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক হিসেবে পরিচিত শহীদ হাসান তেহরানি মোকাদ্দাম থেকে শুরু করে বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ মেজর জেনারেল আমির আলী হাজিজাদেহ পর্যন্ত শীর্ষ সামরিক কর্মকর্তারা বরাবরই স্পষ্ট করেছেন যে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে কেবল দুই হাজার কিলোমিটারের ফ্রেমে বেঁধে ফেলা উচিত নয়।
ইরানের এই ক্ষেপণাস্ত্র যাত্রার পেছনে শহীদ হাসান তেহরানি মোকাদ্দামের দূরদর্শী পরিকল্পনার বড় ভূমিকা রয়েছে। ১৯৮০-এর দশকে ইরাকের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে গিয়ে বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব সক্ষমতা গড়ে তোলার উদ্যোগ নেয় তেহরান। ১৯৮৩ সালে মোকাদ্দামের নেতৃত্বে যাত্রা শুরু করা ক্ষেপণাস্ত্র ইউনিট ১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মোকাদ্দাম প্রথমে দুই হাজার কিলোমিটার পাল্লার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন এবং তা অর্জনের পর নতুন করে পাল্লা বাড়ানোর চেয়ে বিদ্যমান ক্ষেপণাস্ত্রগুলোর নিখুঁত লক্ষ্যভেদ ও গুণগত মান উন্নয়নের ওপর জোর দিয়েছিলেন।
বর্তমানে ইরানের অস্ত্রভান্ডারে থাকা উন্নত ক্ষেপণাস্ত্রগুলোই দেশটির উচ্চতর কারিগরি সক্ষমতার প্রমাণ দেয়। এর মধ্যে দুই স্তরবিশিষ্ট কঠিন জ্বালানিচালিত ‘সেজিল’ এবং ২০২৩ সালের জুনে উন্মোচিত ‘খোররামশাহর-৪’ বা ‘খাইবার’ ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটার, যা প্রায় দেড় হাজার কেজি ওজনের ভারী ওয়ারহেড বহনে সক্ষম। এ ছাড়া নিখুঁত লক্ষ্যভেদের জন্য পরিচিত ‘এমাদ’ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম ‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১ হাজার ৪০০ কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে, দুই হাজার কিলোমিটারের সীমা অতিক্রম করার অর্থ এই ক্ষেপণাস্ত্রগুলো বাদ দেওয়া নয়, বরং এই প্রযুক্তির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও দূরপাল্লার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরি করা।
এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় নীতিগত মোড় আসে চলতি ২০২৬ সালের নভেম্বরে। গত ৭ নভেম্বর তেহরানে এক সংবাদ সম্মেলনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমাবদ্ধতা তুলে নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ঘোষণা করেন, ‘আমাদের জন্য এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।’ ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে ভৌগোলিক সীমারেখা বিবেচনায় না নিয়ে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেওয়ার ওপর গুরুত্বারোপ করার পরই এই ঘোষণা আসে। তবে নীতিগত এই পরিবর্তনের ঘোষণা এলেও ইরান ইতোমধ্যে দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার কোনো ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
প্রকৌশলগত দৃষ্টিকোণ থেকে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর সঙ্গে প্রপালশন প্রযুক্তি, উন্নত ধাতব পদার্থ, গাইডেন্স সিস্টেম এবং তাপ নিয়ন্ত্রণের মতো জটিল বিষয় জড়িত। ইরান ইতোমধ্যে নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট উৎক্ষেপণ যান তৈরি করে মহাকাশ গবেষণায় বড় সাফল্য দেখিয়েছে। যেহেতু স্যাটেলাইট উৎক্ষেপণ যান এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মূল প্রযুক্তি প্রায় একই, তাই ইরানের জন্য এই পথ পাড়ি দেওয়া অসম্ভব নয়। এমনকি ২০২৫ সালের ১৭ জুন প্রকাশিত মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বলা হয়েছিল, ইরান চাইলে তাদের মহাকাশ প্রযুক্তি ব্যবহার করে ২০৩৫ সালের মধ্যে সামরিকভাবে কার্যকর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে।
কৌশলগতভাবে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি পেলে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।