
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও উত্তরার জসীমউদ্দীন এলাকায় পৃথক দুটি ঘটনায় চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ নভেম্বর) রাতে দুই দফায় সংঘটিত এসব বিস্ফোরণের ঘটনায় বিমানবন্দর এলাকায় তিন পথচারী আহত হয়েছেন। তবে জসীমউদ্দীনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পৃথক দুই বিস্ফোরণের বিবরণ: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া ১০টার দিকে উত্তরার জসীমউদ্দীন এলাকার ফুটপাতের পাশে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। স্থানীয় ফুটপাতের ব্যবসায়ীরা জানান, রাত সোয়া ১০টার দিকে বিকট শব্দে ককটেল দুটি বিস্ফোরিত হলে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ওই ঘটনায় কেউ আহত হননি।
এর প্রায় তিন ঘণ্টা পর রাত সোয়া ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর গোলচত্বরসংলগ্ন বাহির গেটে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর এলাকায় বিআরটি উড়ালসেতুর ওপর থেকে গোলচত্বরসংলগ্ন বাহির গেট লক্ষ্য করে ককটেল দুটি নিক্ষেপ করা হয়। এতে উড়ালসেতুর নিচে থাকা তিন পথচারী আহত হন। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের বক্তব্য: ঘটনার বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ জানান, বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণে তিন পথচারীর পায়ে সামান্য আঘাত লেগেছে এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। জসীমউদ্দীন এলাকাতেও পৃথক দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে, তবে সেখানে কেউ আহত হননি।
তিনি আরও জানান, এখন পর্যন্ত এই দুই ঘটনার কোনোটিতেই কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে তা-ও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানবন্দর এলাকায় উড়ালসেতুর ওপর থেকেই ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।