
মানুষের জীবনে কষ্ট, অপমান, অবহেলা ও অন্যায়ের অভিজ্ঞতা যেকোনো সময় আসতে পারে। কখনো আপনজনের কাছ থেকে, আবার কখনো এমন কারও কাছ থেকে আঘাত আসে, যার ওপর সবচেয়ে বেশি ভরসা ও বিশ্বাস ছিল। এসব আঘাত হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে। ফলস্বরূপ, তখন প্রতিশোধ নেওয়ার ইচ্ছা জাগে, অন্যায়ের জবাব অন্যায় দিয়েই দিতে মন চায়।
কিন্তু মনে রাখা প্রয়োজন—প্রতিশোধ নেওয়াই শক্তির পরিচয় নয়; বরং অন্যায় সহ্য করে ধৈর্য ধারণ করা, ক্ষমা করতে পারা এবং নিজের বিচার মহান আল্লাহর হাতে ছেড়ে দেওয়াই প্রকৃত মহত্ত্বের পরিচায়ক।
পচা ফলের মতো অন্যায়ের পতন অনিবার্য: পচা ফল যেমন বেশিদিন গাছের ডালে ঝুলে থাকতে পারে না, একসময় নিজে থেকেই ঝরে পড়ে মাটিতে মিশে যায়; তেমনি অন্যের ক্ষতি করে, কাউকে কষ্ট দিয়ে বা অন্যায়-অবিচার করে কেউ চিরকাল পার পেয়ে যেতে পারে না। পৃথিবীর নিয়মেই অনেক অন্যায়ের পরিণতি একসময় প্রকাশ পায়। আর কোনো অন্যায় দুনিয়ায় প্রকাশ না পেলেও মহান আল্লাহর আদালতে কোনো অপরাধই গোপন থাকে না। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে—
“নিশ্চয়ই আল্লাহ অণু পরিমাণও জুলুম করেন না। আর কোনো সৎকাজ হলে তিনি তা বহুগুণে বাড়িয়ে দেন এবং নিজের পক্ষ থেকে মহাপুরস্কার দান করেন।” (সুরা আন-নিসা: আয়াত ৪০)
প্রতিশোধ নয়, ধৈর্য ও ক্ষমার পথ: কেউ আপনার সঙ্গে অন্যায় করলে তার মতো নিচে নেমে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কেউ অপমান করলে পাল্টা অপমান করতে হবে কিংবা ক্ষতি করে শান্তি খুঁজতে হবে—এমন কোনো কথা নেই। বরং নিজের আত্মমর্যাদা বজায় রেখে ধৈর্য ধরতে হবে। প্রয়োজনে অন্যায়ের প্রতিবাদ ও ন্যায়সংগত প্রতিকার নিতে হবে, কিন্তু প্রতিহিংসা ও বিদ্বেষকে হৃদয়ে জায়গা দেওয়া যাবে না।
ক্ষমা করার অর্থ অন্যায়কে সমর্থন করা বা দুর্বলতা মেনে নেওয়া নয়; বরং নিজের অন্তরকে প্রতিশোধের বিষ থেকে মুক্ত রাখাই ক্ষমার আসল সৌন্দর্য। আল্লাহ তাআলা বলেন—
“মন্দের প্রতিফল অনুরূপ মন্দ। তবে যে ক্ষমা করে দেয় এবং সংশোধন করে, তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে। নিশ্চয়ই তিনি জালিমদের ভালোবাসেন না।” (সুরা আশ-শুরা: আয়াত ৪০)
ক্ষমা মানুষের মর্যাদা বাড়ায়: অনেকের ভুল ধারণা রয়েছে যে কাউকে ক্ষমা করলে নিজের সম্মান কমে যায়। অথচ ইসলামের শিক্ষা সম্পূর্ণ ভিন্ন। ক্ষমা মানুষকে ছোট করে না; বরং তার ব্যক্তিত্ব, মানসিক প্রশান্তি ও নৈতিক মর্যাদাকে আরও উন্নত করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
“কোনো বান্দা ক্ষমা করলে আল্লাহ তার সম্মানই বৃদ্ধি করে দেন।” (সহিহ মুসলিম: ২৫৮৮)
আল্লাহর ওপর ভরসা ও বিচার সোপর্দ করা: মানুষের বিচার সবসময় সঠিক হয় না। অনেক সময় অপরাধী নির্দোষের মতো ঘুরে বেড়ায়, আর নিরপরাধ মানুষকে নীরবে কষ্ট সহ্য করতে হয়। কিন্তু যিনি অন্তরের সব কথা জানেন, যিনি চোখের পানি ও নীরব কষ্ট বোঝেন, তিনি মহান আল্লাহ। তাই মানুষের কাছে নিজের কষ্টের হিসাব না দিয়ে আল্লাহর ওপর ভরসা রাখা উচিত। পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে—
“আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেন। আল্লাহ প্রত্যেক বিষয়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাপ নির্ধারণ করে রেখেছেন।” (সুরা আত-তালাক: আয়াত ৩)
এছাড়া রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন—
“মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। কারণ তার দোয়া ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই।” (সহিহ বুহারি: ২৪৪৮)
প্রতিহিংসা থেকে হৃদয় মুক্ত রাখুন: জীবন খুবই সংক্ষিপ্ত। এই ছোট্ট জীবনের প্রতিটি মুহূর্ত রাগ, ক্ষোভ ও প্রতিশোধের চিন্তায় কাটালে নিজের মানসিক শান্তি হারিয়ে যাবে। যে মানুষটি কষ্ট দিয়েছে, তার কথা ভেবে সুন্দর সময় নষ্ট না করে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলুন। ভালো কাজ করুন, ইবাদতে মনোযোগী হোন এবং নিজের হৃদয়কে পবিত্র রাখুন। অন্যের পাপের বোঝা নিজের কাঁধে না চাপিয়ে ন্যায়ের পথে অবিচল থাকুন।
দিনশেষে পৃথিবীর সমস্ত হিসাব মহান আল্লাহর দরবারেই নিষ্পত্তি হবে। তাই প্রতিশোধের চিন্তায় অস্থির না হয়ে ধৈর্য ধরুন, ক্ষমা করুন এবং আল্লাহর ওপর অগাধ ভরসা রাখুন। আল্লাহ আমাদের সবাইকে অন্যায় থেকে বেঁচে থাকার, ক্ষমাশীল হওয়ার এবং সর্বাবস্থায় তাঁর ওপর ভরসা রাখার তৌফিক দান করুন—আমিন।