
থাইল্যান্ডের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র ফুকেট দ্বীপে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে ফুকেটের পশ্চিম উপকূলের জনপ্রিয় সমুদ্রসৈকত পাটংয়ের কাছের একটি শহর এলাকার বাণিজ্যিক ভবনে আগুন লাগার পর তা দ্রুত আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। প্রথমে যানবাহন ভাড়া দেওয়ার (রেন্ট-এ-কার) একটি প্রতিষ্ঠানের ভবনে আগুন লাগে এবং মুহূর্তেই তা পাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। তবে স্বস্তির বিষয় হলো, এই ঘটনায় নিহত ও আহতদের মধ্যে কোনো বিদেশি বা স্থানীয় পর্যটক নেই। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি এবং বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মাত্র চার মাস আগেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছিল। সেই শোক ও ঘটনার রেশ কাটতে না কাটতেই দেশটির জনপ্রিয় এই পর্যটন দ্বীপে আবারও এমন প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল