
পটুয়াখালীর বাউফল ও দুমকি উপজেলায় একই পরিবারের তিন ভাইয়ের নামে সার ডিলারশিপ পাওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বড় দুই ভাই আগে থেকেই দুটি ডিলারশিপ ভোগ করলেও সম্প্রতি ছোট ভাই নতুন করে ডিলারশিপ পাওয়ায় এর বৈধতা ও নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় ডিলারশিপের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট দায়ের করেছেন স্থানীয় এক ব্যবসায়ী।
সম্প্রতি কৃষি মন্ত্রণালয় পটুয়াখালী জেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন পর্যায়ে সার ডিলার নিয়োগের একটি তালিকা প্রকাশ করে। ওই তালিকায় বাউফল উপজেলার ১ নম্বর কাছিপাড়া ইউনিয়নে ‘হাওলাদার এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী হিসেবে আবু রায়হানকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অনুসন্ধানে জানা যায়, আবু রায়হানের বাড়ি বাউফল উপজেলার বীরপাশা ইউনিয়নের দরিয়াবাদ গ্রামের বাসিন্দা মো. শাহজাহান হাওলাদারের ঘরে। শাহজাহানের পাঁচ ছেলের মধ্যে তিনজনই বর্তমানে বিসিআইসি সার ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে বড় ছেলে মো. শফিকুল ইসলাম শামীম কয়েক বছর আগে দুমকি উপজেলায় ‘মেসার্স মা পরিবহন সংস্থা’ এবং মেজো ছেলে কাওসার হোসেন একই উপজেলায় ‘মেসার্স কৃষি বিতান’ নামে দুটি সার ডিলারশিপ পান। সর্বশেষ ছোট ছেলে আবু রায়হান বাউফলের কাছিপাড়া ইউনিয়নে ‘হাওলাদার এন্টারপ্রাইজ’-এর নামে নতুন ডিলারশিপ লাভ করায় একই পরিবারে তিনটি ডিলারশিপ থাকার বিষয়টি প্রকাশ্যে আসে।
এই নিয়োগের বিরোধিতা করে কাছিপাড়া ইউনিয়নের তরুণ ব্যবসায়ী রাশেদুল হাসান ডিলারশিপ বাতিলের দাবি জানিয়ে পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি হাইকোর্টে রিট দায়ের করেন। অভিযোগকারী রাশেদুল হাসান জানান, আবু রায়হানের আপন দুই ভাই আগে থেকেই দুমকি উপজেলায় ডিলারশিপ ভোগ করা সত্ত্বেও অসদুপায় অবলম্বন করে নতুন করে আরেকটি ডিলারশিপ নেওয়া হয়েছে। এছাড়া অভিযুক্ত আবু রায়হান অতীতে রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। রাশেদুল জানান, হাইকোর্ট বিষয়টি নিষ্পত্তির জন্য জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়ার পর গত ১১ নভেম্বর জেলা প্রশাসক উভয় পক্ষের বক্তব্য শুনেছেন, তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।
এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ডিলার আবু রায়হান। তিনি দাবি করেন, তিনি এবং তাঁর ভাইয়েরা প্রচলিত নীতিমালা ও সঠিক যোগ্যতা মেনেই সার ডিলারশিপ পেয়েছেন এবং তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ আমানুল ইসলাম জানান, আবু রায়হান নীতিমালা অনুসরণ করেই হাওলাদার এন্টারপ্রাইজের নামে ডিলারশিপ পেয়েছেন এবং তাঁর ভাইয়েরা পূর্বের নিয়মে ডিলারশিপ পেয়েছিলেন। তবে বিষয়টি নিয়ে যেহেতু প্রশ্ন উঠেছে, তাই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।