
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আপসহীন মহীয়সী নারী হিসেবে বেগম খালেদা জিয়ার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন দেশের এক অনন্য রাজনৈতিক নেতৃত্বের প্রতীক। দীর্ঘ ৪৩ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শেষে গত বছরের ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে কোটি কোটি মানুষকে কাঁদিয়ে তিনি চিরবিদায় নেন। তাঁর প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ সংগ্রামী অধ্যায়ের অবসান ঘটে। অল্প কিছুদিন পরই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে ফিরে দেখা যাক একজন সাধারণ গৃহবধূ থেকে আপসহীন দেশনেত্রী হয়ে ওঠার তাঁর অসাধারণ পথচলা, রাজনৈতিক সংগ্রাম এবং দেশ ও মানুষের কল্যাণে বহুমুখী অবদান।
১৯৪৫ সালে জন্ম নেওয়া খালেদা জিয়ার জীবনের শুরুটা ছিল আর ১০ জন বাঙালি নারীর মতোই। ১৯৬০ সালে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর দীর্ঘদিন তিনি গৃহবধূ ও মা হিসেবেই জীবন কাটিয়েছেন। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালেও নিজেকে রাজনীতির আড়ালে রেখেছিলেন। কিন্তু ১৯৮১ সালের ৩০ মে এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তাঁর জীবনে নেমে আসে চরম বিপর্যয়। একই সঙ্গে গভীর অস্তিত্বসংকটে পড়ে তাঁর দল বিএনপি। দলের সেই দুঃসময়ে ১৯৮২ সালের জানুয়ারিতে তিনি রাজনীতিতে যোগ দেন। ১৯৮৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। গৃহবধূ থেকে রাজপথের লড়াকু নেত্রী হয়ে ওঠার এই যাত্রায় তাঁকে সামলাতে হয় দল ও রাষ্ট্রের কঠিন রাজনৈতিক বাস্তবতা।
আশির দশকে স্বৈরাচার হুসেইন মুহম্মদ এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের স্বতন্ত্র পরিচয় তৈরি হয়। দীর্ঘ ৯ বছরের আন্দোলনে তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া চষে বেড়িয়েছেন। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে থেকেছেন, বারবার গৃহবন্দি ও আটক হয়েছেন। ১৯৮৬ সালে এরশাদের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। ক্ষমতার প্রলোভন উপেক্ষা করে নেওয়া সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে তিনি আপামর মানুষের কাছে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পান।
১৯৯০ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে স্বৈরাচারী এরশাদের পতন ঘটে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সেই আন্দোলনে খালেদা জিয়া ছিলেন অন্যতম প্রধান নেতৃত্ব। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ২০ মার্চ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। মুসলিম বিশ্বেরও তিনি ছিলেন দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।
তাঁর শাসনামলে বেশকিছু গুরুত্বপূর্ণ সংস্কার ও উদ্যোগ নেওয়া হয়। রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা থেকে সংসদীয় সরকার পদ্ধতিতে প্রত্যাবর্তনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। মেয়েদের দশম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা, শিক্ষা উপবৃত্তি, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা এবং “শিক্ষার বিনিময়ে খাদ্য' কর্মসূচি চালু হয় তাঁর সরকারের সময়ে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ২৭ থেকে ৩০ বছরে উন্নীত করাও ছিল উল্লেখযোগ্য সিদ্ধান্ত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সংসদীয় আসন থেকে ২৩ বার নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই জয়ী হয়েছেন। তিন বার প্রধানমন্ত্রী এবং দুই বার বিরোধীদলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে জীবনের শেষ দুই দশক ছিল তাঁর জন্য কঠিন রাজনৈতিক ও ব্যক্তিগত পরীক্ষার সময়। ২০০৭ সালের ওয়ান-ইলেভেনের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ‘মাইনাস টু' ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা হয়। দেশত্যাগের চাপও দেওয়া হয়েছিল। কিন্তু তিনি জানিয়ে দিয়েছিলেন, “বিদেশে আমার কোনো জায়গা নেই, এই দেশই আমার সব।' দীর্ঘ কারাবাস, বড় ছেলে তারেক রহমানের দেশত্যাগ, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকালমৃত্যু এবং স্মৃতিবিজড়িত মঈনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ তাঁকে গভীরভাবে আঘাত করে। ২০১৮ সালে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তাঁকে আবার কারাবরণ করতে হয়। কারাগারে দীর্ঘদিন থাকার ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পেলেও গুলশানের বাসভবন ফিরোজা ও হাসপাতালের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে তাঁর জীবন। গুরুতর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন জানানো হলেও তৎকালীন সরকার তাঁকে সেই সুযোগ দেয়নি।
তবে, এত প্রতিকূলতা, ষড়যন্ত্র ও নির্যাতনের মধ্যেও খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতিতে জড়াননি। সব সময় তিনি আপসহীন অবস্থান ধরে রেখেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকেই তাঁর কাছ থেকে প্রতিশোধের প্রত্যাশা করেছিলেন। দীর্ঘদিন নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের মধ্যেও জমে ছিল ক্ষোভ। কিন্তু পরদিন দেশবাসীর উদ্দেশে দেওয়া ভিডিও ভাষণে তিনি বলেছিলেন, 'হিংসা নয়, বিদ্বেষ নয়, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও।' তাঁর এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সহনশীলতা ও জাতীয় ঐক্যের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।
গণঅভ্যুত্থানের পর তিনি বন্দিদশা থেকে মুক্তি পান এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো থেকে আদালতের মাধ্যমে খালাস লাভ করেন। জীবনের শেষ দিনগুলোতে ছিলেন শান্ত ও মিতবাক। দীর্ঘদিনের অসুস্থতা ও চিকিৎসার সীমাবদ্ধতায় তাঁর শরীর জিরিয়ে ভেঙে পড়েছিল। মৃত্যুর মাত্র মাসখানেক আগে, ২০২৫ সালের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে হুইলচেয়ারে করে শেষবারের মতো জনসমক্ষে আসেন তিনি। শারীরিক দুর্বলতার মধ্যেও তাঁর উপস্থিতিতে ছিল এক ধরনের প্রশান্তি ও দৃঢ়তা। এর দুদিন পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। দেশ-বিদেশের চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও ৩০ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিশ্বরাজনীতিতে নেলসন ম্যান্ডেলা স্মরণীয় হয়ে আছেন দীর্ঘ ২৭ বছরের কারাবাসের পরও প্রতিহিংসার পথ পরিহার করে জাতীয় ঐক্যের বার্তা দেওয়ার জন্য। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার জীবনেও এই বৈশিষ্ট্যের প্রতিফলন দেখা যায়। নিজের ওপর হওয়া অবিচারের জবাবে তিনি প্রতিশোধের আহ্বান জানাননি। বরং একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেছেন। নতুন, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখা তরুণ প্রজন্মের কাছে তাঁর এই রাজনৈতিক দর্শন গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে।
বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের কোটি মানুষের আবেগ ও ভালোবাসার নাম। অন্যায়ের বিরুদ্ধে তাঁর দীর্ঘ সংগ্রাম, দেশের মাটি ও মানুষের প্রতি অঙ্গীকার এবং প্রতিকূলতার মুখেও আপসহীন অবস্থান তাঁকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ মর্যাদা দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিন মেয়াদের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। আগামী ৩০ ডিসেম্বর প্রথম মৃত্যুবার্ষিকীতে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে তাঁর নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রামকে। ব্যক্তি খালেদা জিয়ার প্রয়াণ ঘটেছে, কিন্তু গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁর দীর্ঘ সংগ্রামের স্মৃতি এ দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবে অনন্তকাল।