
যশোরের চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে স্থানীয় বিএনপি নেতা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিমুল হোসেনের বাড়ির কাছ থেকে দুটি বোমাসদৃশ বস্তু এবং একটি হত্যার হুমকি সংবলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে তার নিজ বাড়ির উঠানের পাশে এই রহস্যজনক বস্তুগুলো দেখতে পাওয়া যায়, যা নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী শিক্ষক ও বিএনপি নেতা শিমুল হোসেন জানান, শুক্রবার সকালে তিনি বাড়ির উঠানের একপাশে লাল টেপে মোড়ানো জর্দার কৌটার মতো দেখতে দুটি বস্তু পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে সেগুলোকে ককটেলসদৃশ মনে হলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে বস্তু দুটি নিরাপদে উদ্ধার করে। ওই বস্তুগুলোর পাশেই একটি চিরকুট পাওয়া যায়, যাতে তাকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের গালিগালাজ লেখা ছিল বলে জানান তিনি।
শিমুল হোসেনের অভিযোগ, এর আগের দিন বৃহস্পতিবার রাতেও দুর্বৃত্তরা তার বাড়িতে ককটেল নিক্ষেপ করেছিল। দেশকে অস্থিতিশীল করতে এবং তার পরিবারে আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এই নাশকতার পরিকল্পনা করেছে বলে তিনি মন্তব্য করেন। তবে সৌভাগ্যবশত আগের রাতের ককটেলগুলো বিস্ফোরিত হয়নি।
ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কবির হোসেন জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, ডিবি পুলিশ, কোতোয়ালি থানা এবং সাজিয়ালী পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে যায়। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ দুটি বস্তু ও চিরকুটটি জব্দ করেন। বর্তমানে পুরো বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে।
এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ ও সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এর সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে দশটার মধ্যে যশোর শহরের আদালতপাড়াসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। রাত সাড়ে আটটার দিকে মুজিব সড়কের পুরোনো আদালত ভবনের সামনে, বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সংলগ্ন এলাকায় বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। একের পর এক এমন নাশকতামূলক ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।