
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিজ ঘর থেকে এক ব্যক্তি এবং তার দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. জাহেদ হোসেন (৫০) চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল আজানী পাড়ার বদিউল আলমের ছেলে। তার দুই মেয়ের নাম জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে জাহেদ হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। একই কক্ষে খাটের পাশে মেঝেতে পড়ে ছিল তার দুই মেয়ের মরদেহ। ঘটনার সময় পারিবারিক একটি কাজে তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির অন্য সদস্যরা বাইরে ছিলেন। পরবর্তীতে তারা ঘরে ফিরে বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো পারিবারিক বিরোধের কথা জানাতে পারেননি স্বজনেরা।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের শামশুল আলমের মেয়ে আফিয়া বেগমের সঙ্গে জাহেদ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর প্রথম তিন মাস তারা নগরের একটি ভাড়া বাসায় বসবাস করলেও পরবর্তীতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতে শুরু করেন জাহেদ। তবে তার পেশা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে ঘরের বিমে জাহেদ হোসেনকে ঝুলন্ত অবস্থায় এবং একই কক্ষে খাটের পাশে মেঝেতে দুই শিশুকে পাশাপাশি মৃত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, জাহেদ হোসেন ও তাঁর দুই মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।