
রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে হাতেনাতে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শিশির (২২), মোহাম্মদ রাজন (২০) এবং মোহাম্মদ রিয়াদুল ইসলাম (১৯)।
ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) সূত্রে জানা গেছে, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একদল ছিনতাইকারী যাত্রাবাড়ী এলাকায় অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরসহ অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।