
পেট্রোল বোমা হামলায় ক্ষতিগ্রস্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ি পরিদর্শনে আসছেন বিরোধীদলীয় সংসদীয় টিম।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে এই প্রতিনিধিদলের পৌঁছানোর কথা রয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে সেখানে একটি প্রেস ব্রিফিং করার কথা রয়েছে বিরোধীদলীয় সংসদীয় এই টিমের। এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত শুক্রবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিরোধীদলীয় সংসদীয় টিমে যারা রয়েছেন: এনসিপির এই প্রতিনিধিদলে থাকছেন—এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও এমপি ডা. মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুর।
ঘটনার পটভূমি ও মামলা: গত বুধবার দিনগত রাত পৌনে ১২টার দিকে এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। হামলার সময় ওই বাড়িতে আটজন সদস্য অবস্থান করছিলেন, যার মধ্যে দুজন আহত হন। এ ছাড়া আগুনে দুটি ছাগল পুড়ে মারা যায় এবং ঘরের আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়।
এই ঘটনায় এমপি নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। এজাহারনামীয় আসামিদের মধ্যে কুষ্টিয়া জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম রয়েছে