
মানুষের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত ও অধরা অনুভূতির নাম ‘সুখ’। আজীবন মানুষ এই পরশপাথরের খোঁজেই ছুটে চলে। কিন্তু আধুনিক যুগে এসে সুখের সংজ্ঞা এক অদ্ভুত রূপ নিয়েছে। শপিং মলের জমকালো আয়োজন, বিনোদনজগতের হাতছানি কিংবা নামিদামি ব্র্যান্ড সবাই আজ মানুষের কাছে ‘সুখ’ বিক্রি করতে ব্যস্ত। মানুষের ভেতরে এই ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে, প্রচুর টাকা, ক্ষমতা আর ভোগবিলাসের মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল তৃপ্তি। অথচ বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো; মানুষ যত বেশি বস্তুগত অর্জনের পেছনে ছুটছে, তার একাকীত্ব ও মনের বিষাদ ততই বাড়ছে।
সুখী হওয়ার মরীচিকা ও ভোগবাদের দৌড়: শতাব্দীর পর শতাব্দী ধরে সুখ নিয়ে নানা ভাবনা আবর্তিত হয়েছে। মধ্যযুগে খ্রিষ্টীয় দর্শনে মনে করা হতো, আদি পাপের কারণে পৃথিবীতে নিখুঁত সুখ লাভ অসম্ভব। অষ্টাদশ শতকে টমাস জেফারসন সুখের অন্বেষণকে মানুষের অন্যতম অধিকার হিসেবে ঘোষণা করলেও স্বীকার করেছিলেন যে পার্থিব জীবনে নিরবচ্ছিন্ন সুখ পাওয়া প্রায় অসম্ভব।
উনিশ শতকের পর থেকে ভোগবাদ সুখকে আল্লাহর জায়গা থেকে সরিয়ে জাগতিক পণ্যে রূপান্তর করেছে। অথচ আধুনিক বিশ্বে মানুষের মাথাপিছু আয় ও বৈষয়িক স্বাচ্ছন্দ্য দ্বিগুণেরও বেশি বাড়লেও মানুষের সামগ্রিক সুখের মাত্রা বাড়েনি; বরং হতাশা ও বিষণ্নতা বেড়েছে। কারণ, বাইরের প্রাচুর্য দিয়ে ভেতরের হাহাকার কখনো মেটানো যায় না। এই চিরন্তন সত্যটি প্রিয় নবী (সা.) এক বাক্যে স্পষ্ট করে গেছেন, “প্রচুর ধন-সম্পদ থাকলেই মানুষ ধনী হয় না, প্রকৃত ধনী তো সে-ই, যার অন্তর ধনী।” (সহিহ বুখারি, হাদিস: ৬৪৪৬)
ইসলামের দৃষ্টিতে ‘সুখ’ কী? ইসলামের দৃষ্টিতে সুখ কোনো ক্ষণস্থায়ী উচ্ছ্বাস বা জাগতিক প্রাপ্তি নয়; সুখ হলো হৃদয়ের গভীর এক প্রশান্তি বা স্থিরতা। জাগতিক কোনো বস্তুতে নয়, বরং আল্লাহর স্মরণেই মানুষ প্রকৃত প্রশান্তি লাভ করে। পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে—
“যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়; জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে।” (সুরা আর-রাদ, আয়াত: ২৮)
পাশাপাশি রাসুলুল্লাহ (সা.) প্রকৃত সুখের সঙ্গে ‘অল্পেতুষ্টি’র বিষয়টি জোরালোভাবে যুক্ত করেছেন। তিনি বলেছেন, “ওই ব্যক্তি সফল (সুখী) হয়ে গেছে, যে ইসলাম গ্রহণ করেছে, যাকে প্রয়োজনমাফিক রিজিক দেওয়া হয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছে তাতে সে সন্তুষ্ট থেকেছে।” (সহিহ মুসলিম, হাদিস: ১০৫৪) একজন বিশ্বাসী মানুষ জানেন যে এই পৃথিবী অনন্ত জীবনের শেষ ঠিকানা নয়, বরং একটি পরীক্ষাকেন্দ্র মাত্র। সৃষ্টিকর্তার পরিচয় জানা এবং তাঁর দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকার মাঝেই রয়েছে জীবনের পরম তৃপ্তি।
সুখী হওয়ার ৩টি কার্যকর উপায় (ইসলাম ও বিজ্ঞানের মেলবন্ধন): শত শত বছর আগে ইসলাম জীবনযাপনের যে পথ দেখিয়েছে, আধুনিক বিজ্ঞানের গবেষণালব্ধ ফলাফল যেন ঠিক তারই পুনরাবৃত্তি। সুখী হওয়ার প্রধান তিনটি উপায় নিচে আলোচনা করা হলো:
১. অন্যের সঙ্গে তুলনা বন্ধ করা: মনোবিজ্ঞানী সোনিয়া লিউবোমিরস্কির গবেষণা অনুযায়ী, মানুষ যখন নিজের প্রাপ্তির চেয়ে অন্যের অর্জনের দিকে বেশি তাকায়, তখন তার ভেতরের সুখ হারিয়ে যায়। ইসলাম এই তুলনা ও লোভের পথ চিরতরে বন্ধ করে দিয়ে নির্দেশ দিয়েছে—
“আমি বিভিন্ন দলকে পার্থিব জীবনের যে জাঁকজমক দিয়েছি, আপনি তার দিকে দৃষ্টি প্রসারিত করবেন না; এগুলো দিয়ে তো আমি তাদের পরীক্ষা করি। আপনার প্রতিপালকের দেওয়া জীবনোপকরণই উৎকৃষ্ট ও অধিক স্থায়ী।” (সুরা তাহা, আয়াত: ১৩১)
২. হাসিমুখ ও সম্পর্কের গভীরতা: গবেষণায় দেখা যায়, মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক এবং চেহারায় মৃদু হাসি ধরে রাখা মানসিক অবসাদ দূর করতে দারুণ ভূমিকা রাখে। মহানবী (সা.) এই আচরণকেই ইবাদতের অংশ বানিয়ে বলেছেন, “তোমার ভাইয়ের সামনে তোমার হাসিমুখ একটি দান সদকা।” (সুনানে তিরমিজি, হাদিস: ১৯৫৬)
৩. কৃতজ্ঞতাবোধ ও পরোপকার: বিজ্ঞানী রবার্ট ইমন্সের মতে, নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বহুগুণ বাড়িয়ে দেয়। পবিত্র কুরআনেও এই মূলনীতি শিখিয়ে বলা হয়েছে—
“তোমরা যদি কৃতজ্ঞতা স্বীকার করো, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব।” (সুরা ইবরাহিম, আয়াত: ৭) পাশাপাশি নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করার মধ্যে যে স্বর্গীয় আনন্দ রয়েছে, ইসলাম তাকেই মানুষের শ্রেষ্ঠ গুণ হিসেবে তুলে ধরেছে।
বিশ্বাসই হৃদয়ে প্রশান্তি আনে: জীবনের অপ্রত্যাশিত ঝড়-ঝাপটা একজন মুমিনকে একেবারে নিঃস্ব বা আশাহীন করে ফেলতে পারে না। আনন্দ ও বেদনার এই দোলাচলে একজন মুমিনের মনের সুদৃঢ় অবস্থার কথা বর্ণনা করে রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
“মুমিনের প্রতিটি বিষয়ই আশ্চর্যজনক, সবই তার জন্য কল্যাণকর। যদি সে সুখে থাকে তবে কৃতজ্ঞতা প্রকাশ করে, যা তার জন্য মঙ্গলজনক। আর যদি সে বিপদে পড়ে তবে ধৈর্য ধারণ করে, তাও তার জন্য কল্যাণকর।” (সহিহ মুসলিম, হাদিস: ২৯৯৯)