
আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচনের ঠিক আগমুহূর্তে জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয় ও আবাসন সংকটের প্রতিবাদে ব্যাপক সাধারণ ধর্মঘটে অচল হয়ে পড়েছে স্পেন। ধর্মঘটের সমর্থনে রাজধানী মাদ্রিদে প্রায় ১ লাখ ২০ হাজার এবং বার্সেলোনায় ৫০ হাজারেরও বেশি মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বার্সেলোনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ, দোকানপাটে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ধর্মঘটের কারণে স্পেনজুড়ে গণপরিবহন ও অন্যান্য জরুরি জনসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। দেশের বৃহৎ শ্রমিক ইউনিয়ন ‘ইউজিটি’-র প্রধান পেপে আলভারেজ বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের মাধ্যমে ধর্মঘট সফল হয়েছে বলে দাবি করেছেন। অন্যদিকে, ‘সিসি ওও’ (CCOO) ইউনিয়নের নেতা উনাই সোর্দো এই জনসমাগমকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন।
বার্সেলোনায় সহিংসতা ও লুটপাট: বুধবার সন্ধ্যায় বার্সেলোনার কেন্দ্রস্থল ‘প্লাসা দে কাতালুনিয়া’র কাছে পাসেইগ দে গ্রাসিয়া এবং লাস রামব্লাস এলাকায় বিক্ষোভ সহিংস রূপ নেয়। ভিডিও ফুটেজে মুখোশধারী ব্যক্তিদের রাস্তার মাঝখানে আবর্জনার পাত্রে আগুন দিতে ও দোকানের জানালা ভাঙচুর করতে দেখা যায়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, একদল বিক্ষোভকারী পুলিশের দিকে আতশবাজি নিক্ষেপ করে এবং লেগো স্টোরসহ বিভিন্ন দোকানে লুটপাট চালায়। এমনকি অ্যাপল স্টোরেও প্রবেশের চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হেলমেট ও দাঙ্গা দমনকারী ঢাল নিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
বিক্ষোভে অংশ নেওয়া এক নারী বিবিসিকে জানান, দিনের বেলায় আন্দোলনটি অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল, যেখানে অনেক শিশু ও বয়স্ক মানুষও উপস্থিত ছিলেন। তবে সন্ধ্যা নামার পর লাস রামব্লাস এলাকায় চারদিকে আগুন জ্বলতে দেখে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।
জীবনযাত্রার ব্যয় ও রাজনৈতিক প্রতিক্রিয়া: বিক্ষোভকারীদের মূল ক্ষোভ আবাসন ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে। দক্ষিণ মাদ্রিদের আরগানজুয়েলা জেলায় বসবাসরত আলভারেজ নামের এক তরুণ জানান, তিনি ও তাঁর সঙ্গী মিলে একটি ছোট ফ্ল্যাটের জন্য মাসে ১ হাজার ইউরো ভাড়া দেন, যা তাঁদের প্রত্যেকের বেতনের প্রায় অর্ধেক। বিদ্যুৎ, পানি, গ্যাস ও খাবারের খরচ মেটানোর পর বর্তমান বেতনে নিজের একটি বাড়ি কেনার স্বপ্ন দেখা অসম্ভব বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
তবে এই ধর্মঘটকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছে স্পেনের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন ‘সিইওই’। সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট মিগুয়েল গ্যারিডো দাবি করেন, এটি কোনো শ্রম-সম্পর্কিত আন্দোলন নয়, বরং আসন্ন আগাম নির্বাচনের ঘোষণার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একটি রাজনৈতিক কর্মসূচি।