
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে সাম্প্রতিক নাশকতামূলক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতা আবিদুল ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নুসরাত তাঁদের জুলাইয়ের কন্যা এবং তাঁর পরিবারের পাশে পূর্ণ শক্তি নিয়ে তাঁরা রাজপথে থাকবেন।
বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আবিদুল ইসলাম এই বার্তা দেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “জুলাইয়ের সামগ্রিক শক্তি আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এবার পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। নিষিদ্ধ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করুন। যাদের হাতে আমাদের হাজারো ভাইবোনের তাজা রক্ত, আমরা বেঁচে থাকতে এই মাটিতে সেই ফ্যাসিস্ট শক্তিকে কোনোভাবেই ফাংশন করতে দেবো না।”
নুসরাত তাবাসসুমকে নিজেদের বোন ও সহযোদ্ধা আখ্যা দিয়ে তিনি আরও লেখেন, “নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা, আমার বোন, আমাদের সহযোদ্ধা। আমরা পূর্ণশক্তি নিয়ে নুসরাতদের পাশে আছি। যেখানেই ফ্যাসিস্ট শক্তির পদধ্বনি পাবেন রুখে দাঁড়ান।”
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট জননী’ উল্লেখ করে তিনি বলেন, দেশের হাজার হাজার মানুষ খুন করার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, বরং তারা আবারও রক্তের নেশায় মেতে উঠেছে। দ্রুততম সময়ের মধ্যে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান তিনি।
পোস্টের শেষ অংশে আবিদুল হুশিয়ারি উচ্চারণ করে লেখেন, “খুনি হাসিনা ও তার ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে ফুল অ্যাকশন চলবে। সারাদেশে ফ্যাসিস্টবিরোধী শক্ত দুর্গ গড়ে তুলুন। খুনির দলের কাউকে এই মাটিতে পুনরুত্থিত হতে দেওয়া হবে না।”