
সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কর্মরত কেনিয়ার এক নারী নাগরিককে বিবাহবহির্ভূত সম্পর্কের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে ১০০ বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মুথোনি নামের ওই নারী সৌদি আরবে কাজ করার সময় এক মিসরীয় নাগরিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অন্তঃসত্ত্বা হন এবং ২০২৫ সালের আগস্টে একটি পুত্রসন্তানের জন্ম দেন। তবে সন্তান প্রসবের আগেই ওই ব্যক্তি সৌদি আরব ছেড়ে চলে যান। সন্তান জন্মের বিষয়টি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। সৌদি আরবের নিয়ম অনুযায়ী, অবিবাহিত নারীদের সন্তান জন্ম দেওয়ার তথ্য পুলিশকে জানানো হাসপাতালগুলোর জন্য বাধ্যতামূলক। এর ফলে অনেক নারী গ্রেপ্তার এড়াতে গোপনে সন্তান প্রসব করতে বাধ্য হন।
গত মাসে রিয়াদের একটি ফৌজদারি আদালতের তিন বিচারকের প্যানেল মুথোনিকে দোষী সাব্যস্ত করে এই শাস্তি দেন। আদালতে শুনানির সময় তাঁর জন্য কোনো আইনজীবী ছিলেন না, যদিও একজন দোভাষী উপস্থিত ছিলেন। দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে সন্তানকে নিয়ে কেনিয়ায় ফিরে যাওয়ার আশায় তিনি রায়ের বিরুদ্ধে কোনো আপিল করেননি। দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মুথোনি আতঙ্ক প্রকাশ করে বলেন, তিনি এই বেত্রাঘাতের শাস্তি সহ্য করতে পারবেন কি না তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘আল-কিস্ট’-এর ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম আলদোসারি এই অমানবিক সাজা কার্যকর না করে মুথোনিকে দ্রুত কেনিয়ায় ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, সৌদি আরবের আধুনিকায়ন ও নারীর অধিকার বা ক্ষমতায়নের দাবির সঙ্গে এই ধরনের মধ্যযুগীয় শাস্তি সম্পূর্ণ সাংঘর্ষিক।
উল্লেখ্য, সৌদি আরব ২০২০ সালে বিচারকদের নিজস্ব বিবেচনায় দেওয়া বেত্রাঘাতের সাজা বাতিলের ঘোষণা দিলেও ইসলামী শরিয়া আইনে নির্ধারিত নির্দিষ্ট কিছু অপরাধের (যেমন ব্যভিচার) ক্ষেত্রে এই বিধান এখনো বহাল রয়েছে। অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘ডু বোল্ড’ জানিয়েছে, দেশটির কঠোর ‘কাফালা’ ব্যবস্থার কারণে লাখ লাখ নারী গৃহকর্মী নানা ধরনের শোষণ ও আইনি ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন।
আদালত মুথোনিকে এক বছরের নির্বাসনের সাজাও দিয়েছেন। তবে এই আদেশের আওতায় তাঁকে নিজ দেশ কেনিয়ায় ফেরত পাঠানো হবে কি না, কিংবা বেত্রাঘাতের সাজা কবে কার্যকর করা হবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা পাওয়া যায়নি।