
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিন এলাকায় একটি বহুতল ভবন আকস্মিক ধসে পড়ার মর্মান্তিক ঘটনায় অন্তত দুজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) বিকেল আনুমানিক চারটার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকার বেডফোর্ড ও ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের সংযোগস্থলের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ধসে পড়া আহতদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। হতাহতদের মধ্যে সাতটি শিশু এবং একজন অগ্নিনির্বাপক কর্মীও রয়েছেন। দুর্ঘটনার সময় ভবনটিতে ঠিক কতজন মানুষ অবস্থান করছিলেন, তা এখনো নিশ্চিত নয়। ফলে ফায়ার সার্ভিস আশঙ্কা প্রকাশ করেছে যে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, ধসে পড়া ৩ তলা ভবনটির নিচতলায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। ভবনের পাশেই একটি একতলা ভবন ভেঙে ফেলে সেখানে খননকাজ চালানো হচ্ছিল। ধারণা করা হচ্ছে, খননকাজের প্রভাবেই ভবনটি ধসে পড়েছে এবং এর ইট-কাঠ পাশের নির্মাণ গর্তে গিয়ে পড়ে। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে ফায়ার সার্ভিস, উদ্ধারকারী কুকুর এবং ফ্ল্যাশলাইট ব্যবহার করে তীব্র শীতের মধ্যেও রাতভর উদ্ধারকাজ চালিয়ে যায়।
ঘটনার পরপরই নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও গভর্নর ক্যাথি হোকুল পৃথক বার্তায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মেয়র মামদানি উদ্ধারকর্মীদের সহযোগিতায় সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি গভর্নর হোকুল জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় তার প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতা প্রদান করছে।