
রাজধানীর হাজারীবাগ এলাকার বেড়িবাঁধ মেইন রোডে পার্কিং করে রাখা একটি গাড়িকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ দুই নাশকতাকারীকে হাতেনাতে আটক করেছে হাজারীবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে বেড়িবাঁধ রোডের একটি কুরিয়ার সার্ভিসের ডে অপারেশন ওয়্যারহাউসের সামনে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ওই ওয়্যারহাউসের সামনে পার্কিং করা একটি গাড়িকে লক্ষ্য করে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে গাড়িটির গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়।
হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকায় টহলরত হাজারীবাগ থানা পুলিশের একটি দল তাদের ধাওয়া দেয় এবং মোটরসাইকেলসহ দুজনকে আটক করতে সক্ষম হয়।
হাজারীবাগ থানা পুলিশ জানিয়েছে, নাশকতার উদ্দেশ্য ও নেপথ্যে কারা জড়িত, তা জানতে আটককৃত ব্যক্তিদের থানায় রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।