
রাজধানীর মিরপুরের পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা ৩টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১১ নভেম্বর) রাতে শাহ আলী থানার চিড়িয়াখানা রোড এলাকায় একটি এবং একই দিন ভোরে পল্লবী থানার কালশী রোডের ফুলকলি মোড়ে দুটি বাসে আগুনের এই ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শাহ আলী থানাধীন চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করা 'চিড়িয়াখানা সিটি পরিবহণে'র একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে প্রথমে নিজেরা তা নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। আগুনে বাসটির ১৪ থেকে ১৬টি সিট, জানালার গ্লাস ও পেছনের অংশ পুড়ে আনুমানিক ২ থেকে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মো. রিপন এবং ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের রাশেদ বিন খালেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশের একাধিক টিম ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এর আগে একই দিন সকাল ৬টা ৪০ মিনিটে পল্লবী থানার মিরপুর ১২ নম্বর সেকশনের ফুলকলি মোড়ে রাস্তার ওপর পার্কিং করে রাখা 'বিকল্প পরিবহণ' ও 'অভিজাত পরিবহণে'র দুটি বাসে আগুন দেয় দুষ্কৃতকারীরা। খবর পেয়ে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বিকল্প পরিবহণের বাসটির বডি ও সিট পুড়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা এবং অভিজাত পরিবহণের বাসটির প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূলত সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করতেই দুষ্কৃতকারীরা বাসে এ ধরনের আগুন দিচ্ছে। ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে।