
বুধবার (১১ নভেম্বর) ভোরে হঠাৎ বজ্রসহ বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। ভোর সাড়ে ৫টার পর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সূত্রপাত হয়। দীর্ঘ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলায় এবং আকাশ ঘন মেঘে ঢাকা থাকায় সকাল থেকেই হালকা শীত ভাব অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছিল, ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একই সাথে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের ধারা শুরু হয়েছিল। পূর্বাভাস অনুযায়ী রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার তথ্য রয়েছে।
এদিকে আজ বুধবার সন্ধ্যা ৬টা পরবর্তী দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।