
রান্নাঘরে গরুর শুকনা গোবর সংরক্ষণের স্থানে তৈরি হচ্ছিল পরোটার ময়দার ডো বা খামির, আর ওয়াশরুমের দরজার পাশেই ধোয়া হচ্ছিল গ্রাহকের খাবারের প্লেট ও বাসনপত্র। শুধু তা-ই নয়, রেস্টুরেন্টটিতে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা হচ্ছিল পচা ও বাসি মিষ্টি। অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে বগুড়ার শেরপুর পৌর শহরের একটি নামকরা রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পৌর শহরের রেজিস্ট্রি অফিস মোড় এলাকায় অবস্থিত ‘গ্যানেন গোপাল হোটেল সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে’ জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই ঝটিকা অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে রেস্টুরেন্টটির বিভিন্ন তৈরিকৃত খাবার তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। অভিযানে বগুড়ার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার এবং শেরপুর থানা-পুলিশের একটি দল পূর্ণ সহযোগিতা প্রদান করে।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, রেস্টুরেন্টটিতে চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। রান্নাঘরে গোবর রাখার জায়গায় পরোটার খামির তৈরি ছাড়াও ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসাথে স্তূপ করে রাখা এবং পোড়া তেল বারবার ব্যবহারের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
ভোক্তা অধিকার ক্ষুণ্ন ও নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় রেস্টুরেন্টের মালিককে ৩ লাখ টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি রেস্টুরেন্ট মালিককে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ভবিষ্যতে আইন মেনে নিরাপদ খাদ্য সরবরাহের কঠোর নির্দেশনা দেওয়া হয়।