
জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে জেসমিন আক্তার (২৯) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শহরের সর্দারপাড়া এলাকার একটি বাসা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জেসমিন আক্তার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মুলবাড়ি এলাকার বুলবুল আহমেদের স্ত্রী এবং তিনি এক সন্তানের জননী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর নিহত জেসমিন আক্তার ও তাঁর স্বামী বুলবুল আহমেদ জামালপুর পৌর শহরের সর্দারপাড়া এলাকার সোহেল রানার বাসায় ভাড়া ওঠেন এবং সেদিন থেকেই তাঁরা সেখানে বসবাস করে আসছিলেন। সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জেসমিন পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে তাঁর স্বামী অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বাড়ির মালিকের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বাড়ির মালিক সোহেল রানা জানান, গত মাসে তারা ভাড়া উঠলেও তাদের জীবনযাত্রা স্বাভাবিকই ছিল। রাতের বেলা ওই নারীর মৃত্যুর সংবাদ পেয়ে তিনি নিজে সদর থানায় বিষয়টি অবহিত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এছাড়া ঘটনার পেছনের আসল রহস্য উদঘাটনের জন্য নিহতের স্বামী বুলবুল আহমেদকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।