
নিষিদ্ধ ওষুধ সেবনের মিথ্যা অভিযোগ থেকে নিজের নির্দোষিতা প্রমাণ করতে দীর্ঘ চার বছর ধরে আইনি ও মানসিক লড়াই চালিয়ে গেছেন ইংলিশ ক্রিকেটার লরি ইভান্স। এই দুঃসহ লড়াইয়ে তাঁর যেমন আর্থিক ক্ষতি হয়েছে সাড়ে ৫ লাখ পাউন্ডের বেশি, তেমনি মানসিকভাবেও তিনি পুরোপুরি ভেঙে পড়েছিলেন। পরিস্থিতি এতটাই শোচনীয় ছিল যে, আত্মহত্যার কথাও মাথায় এসেছিল এই অভিজ্ঞ ব্যাটসম্যানের।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-কে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে লরি ইভান্স তাঁর জীবনের এই কালো অধ্যায়ের বিস্তারিত তুলে ধরেন।
ঘটনার শুরু ২০২২ সালের আগস্টে। দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলার সময় নিয়মিত ডোপ পরীক্ষার অংশ হিসেবে নমুনা দিয়েছিলেন ইভান্স। ওই বছরের নভেম্বরে তাঁকে জানানো হয়, তাঁর নমুনায় অ্যানাবলিক স্টেরয়েডের মতো কাজ করা নিষিদ্ধ পদার্থ ‘ওস্টারিন’-এর সামান্য উপস্থিতি পাওয়া গেছে। সঙ্গে সঙ্গেই তাঁকে সাময়িক নিষিদ্ধ করা হয়। তবে শুরু থেকেই এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছিলেন তিনি।
নমুনায় কীভাবে ওস্টারিন এল, তা খুঁজে বের করতে মরিয়া হয়ে আইনি লড়াই শুরু করেন ইভান্স। ২০২৩ সালের মার্চে জাতীয় অ্যান্টি-ডোপিং প্যানেল তাঁর সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে ২০২৪ সালের মে মাসে প্যানেল জানায়, এই পজিটিভ হওয়ার ঘটনায় ইভান্সের কোনো উল্লেখযোগ্য অবহেলা বা দায় ছিল না। কিন্তু যুক্তরাজ্য অ্যান্টি-ডোপিং সংস্থা (UKAD) ও বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থার (WADA) আপিলের পর মামলাটি গড়ায় ক্রীড়া সালিশি আদালতে (CAS)।
চলতি বছরের জুনে সিএএস রায় দেয় যে, ওস্টারিন কীভাবে প্রবেশ করেছে তার সুনির্দিষ্ট উৎস শনাক্ত করতে না পারায় তাঁকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলো। তবে নিষেধাজ্ঞার মেয়াদ ২০২২ সাল থেকে গণনা করায় তাঁর নতুন করে মাঠের বাইরে থাকার প্রয়োজন না হলেও, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তাঁর সমস্ত ব্যক্তিগত পারফরম্যান্সের রেকর্ড বাতিল করা হয়।
সাক্ষাৎকারে ইভান্স বলেন, "আমি চরম বিষণ্নতায় ভুগেছি, সবকিছুর প্রতি অনুভূতি হারিয়ে ফেলেছিলাম। আমার পুরো পৃথিবীটাই ওলটপালট হয়ে গিয়েছিল। কয়েক সপ্তাহ ঘর থেকে বের হইনি। মনে হতো, ভেতরে ভেতরে মরে যাচ্ছি। আত্মহত্যার চিন্তা থেকে আমাকে ফিরিয়ে আনতে বিশেষ ওষুধও দিতে হয়েছিল।"
চার বছরের এই লড়াইয়ে ক্রিকেটের প্রতি ভালোবাসা ও নিজের আসল সত্তা হারিয়ে ফেলেছেন বলে আক্ষেপ করেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। তবে তাঁর এই করুণ অভিজ্ঞতা যেন অন্য কোনো ক্রিকেটারের জন্য সতর্কবার্তা হয়, সেই প্রত্যাশা করেন তিনি। বিশেষ করে ওস্টারিনের মতো অজান্তেই শরীরে প্রবেশ করা দূষণজনিত পদার্থের ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন লরি ইভান্স। সব বাধা পেরিয়ে আগামী মৌসুমে এসেক্সের হয়ে মাঠে ফেরার কথা রয়েছে তাঁর।