
দেশের ব্যাংক খাতের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে। বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) বা ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থ স্থানান্তরের সেবাটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সিবিএসের ভেতরের এই প্রযুক্তিগত সমস্যার কারণে আপাতত এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আরটিজিএস পদ্ধতির মাধ্যমে উচ্চমূল্যের তহবিল বা অর্থ স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। সেবাটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের দৈনন্দিন পেমেন্ট বা লেনদেন কার্যক্রমে সাময়িক বিঘ্ন তৈরি হয়েছে।
তবে গ্রাহকদের দুর্ভোগ কমাতে এবং ত্রুটি দ্রুত দূর করতে বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি (আইটি) ও সংশ্লিষ্ট কারিগরি টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। যত দ্রুত সম্ভব সিস্টেম স্বাভাবিক করে লেনদেন পুনরায় চালু করার ব্যাপারে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ।