
আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ পরাশক্তিগুলোর জন্য ঐতিহ্যবাহী অ্যাশেজ কিংবা ভারত-অস্ট্রেলিয়া ও ভারত-ইংল্যান্ডের মতো দীর্ঘ ও আকর্ষণীয় সিরিজ নির্ধারিত থাকলেও, টেস্টের বাকি দলগুলোর জন্য মূল চালিকাশক্তি হয়ে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি)। সাম্প্রতিক পাকিস্তান বনাম শ্রীলঙ্কার রাওয়ালপিন্ডি টেস্ট যেন এই বাস্তবতারই এক চমৎকার উদাহরণ।
চলতি ডব্লিউটিসি চক্রে (২০২৫-২০২৭) পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় দুই দলেরই ফাইনালে ওঠার সম্ভাবনা এখন প্রায় শূন্যের কোঠায়। পাকিস্তান পয়েন্ট তালিকার একেবারে তলানিতে অবস্থান করছে এবং শ্রীলঙ্কাও ৬টি টেস্টের মধ্যে মাত্র ১টিতে জয় পেয়ে দৌড় থেকে ছিটকে গেছে। কিন্তু এই পরিস্থিতি তাদের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার এক নতুন দুয়ার খুলে দিয়েছে। কোনো তাৎক্ষণিক ফলাফলের ওপর চাপ না থাকায় দুটি দলই ২০২৭ সালের পরবর্তী চক্রকে সামনে রেখে নতুন তরুণ খেলোয়াড়দের সুসংগঠিত করতে গুরুত্ব দিচ্ছে।
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের চারজন নতুন খেলোয়াড়ের অভিষেক ঘড়ানো এবং শ্রীলঙ্কার অধিনায়কত্বে কুশল মেন্ডিসকে লম্বা সময়ের জন্য নিয়ে আসার সিদ্ধান্তটি এই কৌশেরই অংশ। ৩৫ বছর বয়সী ধনঞ্জয় ডি সিলভা ২০২৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সচল থাকবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা থাকায়, মাত্র ৩১ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটার কুশল মেন্ডিসকে নতুন টেস্ট দলপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি সেন (SENA) দেশগুলোতে জয় পাওয়ার লক্ষ্য বাস্তবায়নে শ্রীলঙ্কা এই টেস্টে স্পেশালিস্ট স্পিনার ছাড়াই চারজন পেসার নিয়ে মাঠে নামার মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে পাকিস্তান দল চলতি বছরে রেকর্ড ১২ জন নতুন খেলোয়াড়ের অভিষেক ঘটিয়েছে, যা ১৯৫২ সালে দেশের প্রথম টেস্ট বছরের পর সর্বোচ্চ। ২০ বছর বয়সী তৈয়ব আরিফ এবং তরুণ মোহাম্মদ তাহার ফিফটির উপর ভর করে নিজেদের ডব্লিউটিসি পরিকল্পনাকে সফলভাবে বাস্তবায়ন করছে তারা। পাকিস্তান অধিনায়ক বাবর আজমও স্বীকার করেছেন যে, দলে নতুন মুখ আনা এবং স্কোয়াড পুনর্গঠনের পেছনের মূল কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ রোডম্যাপ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে অনেকে এর কাঠামো নিয়ে দ্বিমত পোষণ করলেও, টুর্নামেন্টের এটি এমন একটি ক্ষেত্র তৈরি করেছে যেখানে ট্রফি বা বর্তমান চক্রের আশা শেষ হয়ে গেলেও দলগুলো ভবিষ্যৎ টেস্ট ক্রিকেট ও দল গঠনের স্পষ্ট রূপরেখা খুঁজে পাচ্ছে।