
কারাবন্দি সনাতন ধর্মীয় সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গণআবেদন জানানো হয়েছে। আন্তর্জাতিক অনলাইন পিটিশন প্ল্যাটফর্ম ‘চেঞ্জ ডট অর্গ’-এ (change.org) শুরু হওয়া এই আবেদনে ইতোমধ্যে প্রায় এক হাজার নাগরিক নিজেদের স্বাক্ষর প্রদান করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ছে।
যুক্তরাষ্ট্রপ্রবাসী মানবাধিকারকর্মী শিতাংশু গুহ গত ১ নভেম্বর এই অনলাইন আবেদনটি আনুষ্ঠানিকভাবে চালু করেন। আবেদনে তিনি কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির বিষয়টি সহানুভূতি ও গুরুত্বের সাথে বিবেচনার পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর স্বচ্ছ বিচারপ্রক্রিয়া এবং দেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
গণস্বাক্ষর পিটিশনে অভিযোগ করা হয়েছে, বিগত সরকারের আমলে অন্যায্য ও রাজনৈতিক উদ্দেশ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পিটিশনকারীর মতে, তিনি কোনো সহিংসতার সঙ্গে যুক্ত নন, অথচ পরবর্তীতে একটি হত্যা মামলায় তাঁকে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করে দীর্ঘদিন বন্দি রাখা হয়েছে।
আবেদনে উল্লিখিত তথ্যানুযায়ী, প্রথমে রাষ্ট্রদ্রোহের একটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম আদালতে সংঘটিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় তাঁকে আসামি করা হয় এবং সম্প্রতি এই মামলায় তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে বলে আবেদনে দাবি করা হয়।
পিটিশনকারী আরও অভিযোগ করেন, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আনীত এসব মামলা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একই সাথে আদালতে তাঁর আইনি সহায়তাপ্রাপ্তিতে বাধা সৃষ্টি, আইনজীবীদের উপস্থিত হতে না পারা এবং জামিন শুনানি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তাঁর জামিন ও মুক্তি বিবেচনার জন্য প্রধানমন্ত্রীকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।