
চাকরি জাতীয়করণ এবং প্রধানমন্ত্রীর ঘোষিত নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতাদিসহ চার দফা দাবিতে রাজপথে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারীরা। আগামী ১০ দিনের মধ্যে এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট আশ্বাস না পেলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন তারা।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদ’-এর ব্যানার নিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে কর্মচারীরা চাকরির নিরাপত্তা প্রদান, নিয়মিত সুযোগ-সুবিধা ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের জোরালো দাবি জানান। কর্মসূচি চলাকালে তারা চার দফা দাবিসংবলিত বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধন থেকে উত্থাপিত কর্মচারীদের চার দফা দাবিগুলো হলো: প্রথমত, সরকারি সাত কলেজে দীর্ঘদিন ধরে কর্মরত সব বেসরকারি কর্মচারীর চাকরি রাজস্ব খাতে দ্রুত স্থানান্তরিত করা। দ্বিতীয়ত, নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাপ্তরিক কাঠামোর আওতায় সব কর্মচারীদের অন্তর্ভুক্ত নিশ্চিত করা। তৃতীয়ত, চূড়ান্তভাবে রাজস্ব খাতে অন্তর্ভুক্তির পূর্বপর্যন্ত সরকারের ঘোষিত জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী সকল সুযোগ-সুবিধাসহ বেতন-ভাতা প্রদান করা। চতুর্থত, বর্তমানে সাত কলেজে কর্মরত কোনো কর্মচারীকে চাকরিচ্যুত বা ছাঁটাই না করা।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এক কর্মচারী নেতা বলেন, আগামী ১০ দিনের মধ্যে তাঁদের পে-স্কেল বাস্তবায়ন, চাকরি জাতীয়করণ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনিক কাঠামোর অন্তর্ভুক্তির বিষয়ে কোনো ইতিবাচক ঘোষণা বা বার্তা না এলে তারা ঢাকা অচল করে দেওয়ার মতো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
তিনি আরও জানান, আগামী ২০ তারিখের পর গণমাধ্যমকর্মী ও প্রশাসনিক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে অবহিত করে পরবর্তী কঠোর কর্মসূচি প্রকাশ করা হবে। ১০ দিনের সময়সীমার মধ্যে কোনো সমাধান না পাওয়া গেলে সাত কলেজের কর্মবিরতিসহ আন্দোলনের গতি আরও তীব্র করা হবে।