
শনিবার (৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি যাত্রা শুরু করে।
এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন ও আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। রঙ-বেসংয়ের ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি দলের শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীদের উপস্থিতিতে কয়েক মুহূর্তেই পুরো নয়াপল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের রাজপথ।
র্যালি শুরুর আগে নয়াপল্টনে তৈরি অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে ভার্চুয়ালি ও সরাসরি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঘোষিত রুট অনুযায়ী, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, প্রধান বিচারপতির বাসভবন, হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে সমাপ্ত হবে।
মহাসমাবেশ ও শোভাযাত্রা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলটির পক্ষ থেকে বিশেষ স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ৭ নভেম্বর উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়াও শনিবার দেশের প্রতিটি জেলা ও মহানগরে অনুরূপ বর্ণাঢ্য শোভাযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। ঘোষিত সূচি অনুযায়ী, আগামীকাল ৮ নভেম্বর দেশের সকল থানা ও উপজেলা পর্যায়ে দলীয় উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।