
সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত যেকোনো ব্যক্তি, এমনকি ক্ষতিগ্রস্ত চালকরাও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের তহবিল থেকে আর্থিক সহায়তা পাবেন।
শনিবার (৭ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তি বা তাঁদের পরিবার নির্দিষ্ট বিধিমালা মেনে এই ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন। এ সহায়তা পাওয়ার জন্য দুর্ঘটনা ঘটার ৯০ দিনের মধ্যে নির্ধারিত ‘ফরম-৩২’-এ চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর সরাসরি কিংবা অনলাইনে ‘বিআরটিএ সেবা পোর্টাল’ (BSP)-এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। বিধিমালা অনুযায়ী নির্ধারিত ৯০ দিন অতিক্রম হয়ে গেলে আবেদন করার আর কোনো সুযোগ থাকবে না।
আর্থিক সহায়তার পরিমাণ ও ধরণ:
মৃত্যুর ক্ষেত্রে: অন্যূন (সর্বনিম্ন) ৫ লাখ টাকা।
অঙ্গহানি বা পঙ্গুত্বের ক্ষেত্রে: অন্যূন ৩ লাখ টাকা।
গুরুতর আহত (স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে): অন্যূন ৩ লাখ টাকা।
চিকিৎসাধীন ও আহত (স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে): অন্যূন ১ লাখ টাকা।
বিআরটিএ আরও জানিয়েছে, আবেদনের পর ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত সহায়তার অর্থ সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে চেকের মাধ্যমে অথবা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে জমা দেওয়া হবে।