
বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেছেন, "বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে সুসংগঠিত রাখার কোনো বিকল্প নেই। আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রাম ও স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।"
দলীয় শৃঙ্খলার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, "একজন বিএনপির নেতা যদি খারাপ কাজ করেন, তাহলে আপনি বিএনপির পরিচয় দিতে পারবেন না।"
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করে গলাচিপা উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন দ্বিমুখী অবস্থানকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে যে অভ্যন্তরীণ কোন্দল ও সমন্বয়হীনতা তৈরি হয়েছিল, তা নিরসন করতেই বিভাগীয় ও জেলা পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা তৃণমূলের সাথে এই আলোচনায় বসেন।
গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।
এছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ খান। সভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।