
নাটোরের নলডাঙ্গা উপজেলায় সার সংগ্রহ করতে গিয়ে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন স্থানীয় কৃষকরা। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার বিসিআইসি সার ডিলার শ্যাম সুন্দর আগরওয়ালের দোকানে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে নলডাঙ্গা উপজেলার ওই বিসিআইসি সার ডিলারের দোকানে সার বিতরণ কার্যক্রম শুরু হয়। সার নেওয়ার জন্য সকাল থেকেই শত শত কৃষক দোকানের সামনে দীর্ঘ লাইনে ভিড় করেন। এ সময় লাইনে দাঁড়ানো এবং আগে সার নেওয়াকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা ও পরে হাতাহাতি বাধে। এতে কয়েকজন কৃষক আহত হন।
স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও, বেলা সাড়ে ১১টার দিকে একই বিষয়কে কেন্দ্র করে কৃষকদের দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের সূত্রপাত হয়। এতে আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে নলডাঙ্গা থানা থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে গত বুধবারও উপজেলার মাধনগরে সার বিতরণকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে উত্তেজনা বিরাজ করেছিল।
বিসিআইসি ডিলার শ্যাম সুন্দর আগরওয়াল দাবি করেন, উপজেলা কৃষি কর্মকর্তার উপস্থিতিতে সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবেই সার বিতরণ করা হচ্ছিল। কিন্তু হঠাৎ কিছু তরুণ হট্টগোল সৃষ্টি করলে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে পর্যাপ্ত সারের মজুত রয়েছে বলেও জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী জানান, এলাকায় সারের কোনো সংকট বা ঘাটতি নেই। ফসল আবাদ শুরু হতে এখনো ১৫ থেকে ২০ দিন বাকি থাকলেও কৃষকরা আগাম সার কিনে বাড়িতে মজুত রাখতে চাওয়ায় অতিরিক্ত ভিড় তৈরি হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং সুশৃঙ্খলভাবে সার বিতরণ নিশ্চিত করতে কৃষি বিভাগ ডিলারদের সঙ্গে বৈঠক করেছে।