
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ২০২৬ উদযাপনে তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দুই কোটি টাকা অনুদান চাওয়া হয়েছিল। তবে আবেদনের চেয়ে এক কোটি টাকা বেশি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে তিন কোটি টাকা অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেন তিনি।
আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হবে। এ উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে জানানো হয়, বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুই কোটি টাকা বরাদ্দের অনুমোদন চাওয়া হয়েছিল।
তবে প্রস্তাবিত দুই কোটি টাকার পরিবর্তে তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে ট্রাস্টের চাওয়া অর্থের তুলনায় এক কোটি টাকা বেশি বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য জানিয়েছেন।