
ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। সেদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা এক্সপ্রেসওয়েতে চলাচলকারী সব ধরনের যানবাহনের টোল পুরোপুরি মওকুফ থাকবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ নভেম্বর-২০২৬ ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহনের জন্য সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টোল ফ্রি রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ফলে নির্ধারিত এই ৬ ঘণ্টা এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী কোনো যানবাহনকেই নির্ধারিত টোল প্রদান করতে হবে না। নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর যথারীতি নিয়মিত নিয়মে টোল আদায় কার্যক্রম চালু থাকবে।