
বলিউড অভিনেত্রী অর্চনা পুরান সিং ও অভিনেতা পারমিত শেঠির ছোট ছেলে এবং জনপ্রিয় ইনফ্লুয়েন্সার আয়ুষ্মান শেঠি আনুষ্ঠানিকভাবে তাঁর দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সেরেছেন। ইতালির মনোরম শহর ক্যাপ্রিতে অত্যন্ত রোমান্টিক পরিবেশে এই বাগদান সম্পন্ন হয়। ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে তাদের প্রস্তাবের সুন্দর কিছু মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে এই সুখবরটি ভক্তদের জানিয়েছেন এই জুটি।
প্রায় দেড় বছর ধরে চুটিয়ে প্রেম করার পর অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন আয়ুষ্মান ও সমীক্ষা শেঠি। পেশায় যোগ প্রশিক্ষক সমীক্ষার সঙ্গে যোগিতা বিহানির মাধ্যমে আয়ুষ্মানের প্রথম পরিচয় হয়েছিল। সম্প্রতি অভিনেত্রী অর্চনা পুরান সিংও এক পারিবারিক ভ্লগে এই জুটির সম্পর্কের প্রশংসা করে আয়ুষ্মানকে সম্পর্কটি যত্ন করে আগলে রাখার পরামর্শ দিয়েছিলেন।
ইতালির ক্যাপ্রিতে যেভাবে হলো বাগদান: প্রেমিকা সমীক্ষাকে চমকে দিতে বেশ আগে থেকেই গোপনে সব পরিকল্পনা করে রেখেছিলেন আয়ুষ্মান। এমনকি বাগদানের আংটিটি সবার অজান্তে নিজের ব্যাগে লুকিয়ে ইতালিতে নিয়ে গিয়েছিলেন তিনি। পরিকল্পনা অনুযায়ী, ছুটি কাটানোর অংশ হিসেবে তারা দুজনে ইতালির ক্যাপ্রির সর্বোচ্চ শৃঙ্গ ‘মন্টে সোলারো’তে হাইকিং করতে যান। পথিমধ্যে সমীক্ষার জন্য বুনো ফুলও সংগ্রহ করেন আয়ুষ্মান।
চূড়ায় পৌঁছানোর পর একটি ভিডিও রিল বানানোর অজুহাতে ট্রাইপড সেট করেন আয়ুষ্মান। বিন্দুমাত্র ধারণা না থাকা সমীক্ষার সামনে হঠাৎ করেই এক হাঁটু গেড়ে বসে পকেট থেকে আংটি বের করে বিয়ের প্রস্তাব দেন আয়ুষ্মান। তার সেই বিস্ময় ও ভালোবাসার মুহূর্তটি ক্যামেরায় বন্দি হয়ে রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় জুটির ভালোবাসার বার্তা: ইন্সটাগ্রামে ছবিগুলো শেয়ার করে আয়ুষ্মান ও সমীক্ষা একটি আবেগঘন ক্যাপশন যুক্ত করেছেন। তারা লিখেছেন— ‘পৃথিবীতে কত জায়গা ছিল, কত ভিন্ন জীবন আমরা কাটাতে পারতাম, কিন্তু ভাগ্যই আমাদের একত্রিত করেছে। আর প্রতিটি জীবনে আমরা একে অপরকেই বেছে নেব। আমরা একসঙ্গে থাকলে প্রতিটি জীবনই সুন্দর হয়ে ওঠে এবং এখন আমি প্রার্থনা করি যেন প্রতিটি জীবন এভাবেই একসঙ্গে কাটে।’
ক্যাপ্রির মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একসাথে জীবন কাটানোর এমন অভিনব ও স্বপ্নিল প্রতিশ্রুতি দেওয়ার পর থেকেই নেটিজেন ও বলিউড তারকারা জুটিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।