
বিশ্বের বিভিন্ন দেশের মতো ঢালিউড তারকাদের মাঝেও ছড়িয়ে পড়েছে হ্যালোইন উৎসবের আনন্দ। এবার অস্ট্রেলিয়ার সিডনিতে একমাত্র ছেলে আইজান নেহানকে সঙ্গে নিয়ে দারুণ এক হ্যালোইন উদযাপনে অংশ নিয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।
ছেলের আনন্দের কথা বিবেচনা করে বিভিন্ন বিশেষ দিন ও উৎসবে মাততে দেখা যায় এই অভিনেত্রীকে। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করা শাবনূর মা-ছেলের সেই বিশেষ মুহূর্ত সামাজিক মাধ্যমে ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন।
রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হ্যালোইন উদযাপনের বেশ কিছু ছবি প্রকাশ করেন শাবনূর। ছবিতে দেখা যায়, ছেলে আইজানকে পাশে নিয়ে ক্যামেরার সামনে হাস্যোজ্জ্বল মুখে পোজ দিয়েছেন তিনি। এদিন মা ও ছেলে দুজনকেই ম্যাচিং করা একই নকশার পোশাকে দেখা গেছে। তাদের পরনে ছিল হ্যালোইনের ঐতিহ্যবাহী কমলা রঙের কুমড়ার (Pumpkin) কার্টুন সম্বলিত কিউট পোশাক।
ছবিগুলোর পেছনের সাজসজ্জাতেও ছিল হ্যালোইন উৎসবের পূর্ণ আমেজ। সেখানে কৃত্রিম কঙ্কাল, থিমভিত্তিক কুমড়ার লণ্ঠন, রঙিন ঝলমলে আলো এবং ‘হ্যাপি হ্যালোইন’ লেখা নানা আয়োজনে ঘর সাজাতে দেখা যায়। ছবিগুলোর ক্যাপশনে শাবনূর সংক্ষেপে লিখেছেন— ‘হ্যাপি হ্যালোইন’।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশের পরপরই শাবনূর ও তাঁর ছেলের প্রতি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্ত-অনুরাগীরা। অনেকেই কমেন্ট বক্সে মা-ছেলের এই মিষ্টি রসায়ন ও উৎসবের আমেজের প্রশংসা করেছেন।
উল্লেখ্য, গত বছরও ছেলে আইজানকে সাথে নিয়ে ভিন্ন এক আয়োজনে হ্যালোইন উৎসবে মেতেছিলেন শাবনূর। সেবার মা ও ছেলেকে ভূতের থিমভিত্তিক ট্র্যাডিশনাল সাজে উৎসব উদযাপন করতে দেখা গিয়েছিল।