
বাংলাদেশ থেকে ওড়ানো জাতীয়তাবাদী যুবদলের একটি প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার উড়ে গিয়ে ভারতের আসাম রাজ্যে পড়ার ঘটনায় সীমান্ত অঞ্চলে বিস্ময় ও কৌতুহলের সৃষ্টি হয়েছে। স্থানীয় পুলিশ বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে।
ঘটনার বিবরণে জানা যায়, ভারতের আসামের দরং জেলার ঢালপুর পুলিশ ফাঁড়ির আওতাধীন লেতেকুজান গ্রামে স্থানীয় এক কিশোর সকালে পাশের মাঠে গরু চরাতে গিয়ে বেলুনগুলো দেখতে পায়। পরবর্তীতে বেলুনগুলো একটি বাঁধের কাছে নেমে এলে ওই কিশোর সেগুলোকে বাড়ি নিয়ে যায়। ব্যানারটি নজর কাড়লে গ্রামবাসীর মাধ্যমে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ লেতেকুজান গ্রাম থেকে ব্যানারসংবলিত বেলুনগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
ফ্লেক্সে ছাপানো ব্যানারটিতে জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলা শাখার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা লেখা ছিল। এতে বিএনপির নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি মুদ্রিত ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে দলীয় ব্যানারসংবলিত বিশাল আকারের বেলুন ওড়ানো হয়েছিল। বাতাস ও ভৌগোলিক অবস্থানের কারণে সেই বেলুনগুলোর একটি উড়ে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে পড়ে।
ঢালপুর পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, বেলুনগুলো ঠিক কোন স্থান থেকে বাতাসে ভেসে এসেছে এবং কীভাবে এ গ্রামে পৌঁছাল, তা নিশ্চিত হতে তারা বিষয়টি খতিয়ে দেখছেন। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় অধিবাসীদের মধ্যে বেশ আলোড়ন তৈরি হয়েছে।