
শত্রুপক্ষের যেকোনো হুমকি বা হামলার বিরুদ্ধে কোনো ধরনের ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। আইআরএনএ নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মোজতবা খামেনি বলেন, শত্রুদের সঙ্গে শক্তিশালী মোকাবিলার জন্য ‘সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা’ নিশ্চিত করতে বুদ্ধিভিত্তিক ও কৌশলগত সামরিক প্রস্তুতি অপরিহার্য।
তিনি বলেন, শত্রুরা যদি আবারও সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তাহলে সেই সংঘাত কখন এবং কী শর্তে শেষ হবে, তা নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী ও দেশটির জনগণ।
এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৃশ্যমান ও অদৃশ্যমান সব ধরনের সম্পদ যেন ইরানি বাহিনীর নাগালের মধ্যে থাকে, তা নিশ্চিত করতে দেশের ‘টার্গেটস ব্যাংক’ হালনাগাদের নির্দেশ দেন খামেনি।
এ ছাড়া ইরানের সামরিক গোয়েন্দা নেটওয়ার্ক আরও শক্তিশালী করা এবং নিজস্ব প্রতিরক্ষা কৌশল ও সামরিক ডকট্রিন জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। নতুন প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অত্যাধুনিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধিরও নির্দেশনা দেন ইরানের সর্বোচ্চ নেতা।