
রাজধানীর উত্তরখানের তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (৩০) মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ছেলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবিতে শুক্রবার (৩০ অক্টোবর) উত্তরখান থানায় মামলাটি করেন তার বাবা কে এম জসিম উদ্দিন করিম। মামলা রুজুর পর তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
মামলার এজাহার ও নিহতের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যার পর বন্ধু শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ সৌরি। রাত গভীর হলেও বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। এ সময় তার মা একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করলে তাহসিফ দ্রুত বাসায় ফিরছেন বলে জানান। রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে তাহসিফের মোবাইল নম্বর থেকে তার মায়ের মেসেঞ্জারে একটি ভয়েস মেসেজ আসে, যেখানে তিনি বলেন, ‘রওনা দিচ্ছি, আসিতেছি।’ এটিই ছিল পরিবারের সঙ্গে তার সর্বশেষ যোগাযোগ।
পরদিন ২৮ অক্টোবর (বুধবার) উত্তরখানের তুরাগ নদ থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
ছেলের এই রহস্যজনক মৃত্যু দুর্ঘটনা, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাবা জসিম উদ্দিন করিম। এজাহারে তিনি তাহসিফের বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে নদ থেকে মরদেহ উদ্ধারের সব বিবরণ উল্লেখ করেছেন এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান শনিবার (৩১ অক্টোবর) জানান, নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে উত্তরখান থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে।
এদিকে, নৌ পুলিশের তুরাগ ফাঁড়ির ডিউটি অফিসার এসআই মোস্তাফিজ নিশ্চিত করেছেন যে, মামলা দায়েরের পরই উত্তরখান থানা পুলিশ তাহসিফের বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার দেখিয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।