
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটারদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম নির্বাচনী নিরাপত্তার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, এই আসনের মোট ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ এবং বাকি ৭০টিকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনী নিরাপত্তার অংশ হিসেবে ২৫ অক্টোবর থেকে ভোটের পরদিন ৩১ অক্টোবর পর্যন্ত মাঠে থাকবে বিশেষ এই বাহিনী।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মাঠে কাজ করছে ছয়টি মোবাইল ও দুটি স্ট্রাইকিং রিজার্ভ টহল দল। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে। সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য খোলা হয়েছে অপারেশনস কন্ট্রোল রুম এবং ব্যবহার করা হচ্ছে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’।
সংবাদ সম্মেলনে ভোটারদের কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য বা গুজব ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেনসহ মোট পাঁচজন প্রার্থী এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।